মালদ্বীপের ক্লাব ঢাকায়
স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের রেশ এখনও রয়ে গেছে। বাংলাদেশের ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে এখনও সমালোচনা হচ্ছে। এরই মধ্যে ঘরের মাঠে আরেকটি আন্তর্জাতিক ক্লাব ফুটবলের ম্যাচ দেখতে যাচ্ছে দর্শক। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এএফসি কাপ ফুটবলের প্রিলিমিনারী ম্যাচ বুধবার মুখোমুখি হবে আবাহনী ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব।
গতকাল ২১ জন ফুটবলারের সঙ্গে ১১ জন কর্মকর্তা এসেছেন মালদ্বীপ হতে। ঢাকার ম্যাচের পর ১২ ফেব্রুয়ারী ফিরতি ম্যাচ। দুই ম্যাচের হিসাবে এগিয়ে থাকা দল প্লেঅফ ম্যাচ খেলবে, ভারত কিংবা ভুটানের ক্লাবের বিপক্ষে। সেখানে হোম এন্ড অ্যাওয়ে ম্যাচের হিসাবে এগিয়ে থাকা দল গ্রুপ পর্বে ঢোকার সুযোগ পাবে। সেখানে বসুন্ধরা কিংসের গ্রুপে খেলবে। আবাহনীকে এতো কষ্ট করতে হচ্ছে কারন ২০১৯ সালের ফেডারেশন কাপ ফুটবল চ্যাম্পিয়ন বলে। আর বসুন্ধরা লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি গ্রুপ পর্বে খেলছে। এএফসি কাপে তিন বছর ধরে দুটি করে কোটা পাচ্ছে বাংলাদেশ। তাই দুটি ক্লাব খেলার সুযোগ পাচ্ছে।
