গঙ্গাচড়ায় খড় হিসেবে গমখেত বিক্রি!

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৮

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

লোকসানের আশঙ্কায় গঙ্গাচড়ায় উঠতি গমখেত বিক্রি করেছেন কৃষকরা। এসব গম কেটে বাজারে খড় হিসেবে বিক্রি করছেন ব্যবসায়ীরা। উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু গ্রামের কৃষক সাইয়েদুল ইসলাম এ বছর ৪৪ শতক জমিতে গম আবাদ করেছেন। আর কয়েক দিন পরে গমের শিস বের হতো। এর মধ্যেই তিনি গমখেত ১৬ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। পাইকাররা খেত থেকে গম কেটে বাজারে বিক্রি করছে গো-খাদ্য হিসেবে। এক আটি বিক্রি হচ্ছে ১০ টাকা করে। কৃষক সাইয়েদুল ইসলাম বলেন, গম কাটা-মাড়াই করে বিক্রি করে যে দাম পাওয়া যাবে, তাতে তার খরচ উঠত না। এ কারণেই তিনি খেত বিক্রি করে দিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ফসল যেহেতু কৃষকের সেহেতু স্বাধীনতাও তার।