আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ না পেছালেও বিএনপি নির্বাচনে আসতো। কারণ তারা ইতিমধ্যে নির্বাচনে এসে গেছে। এরপরও ইসির নতুন তারিখ ঘোষণাকে আমি স্বাগত জানাই। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে।’
গতকাল সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু নির্বাচন কমিশনের। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই। তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়া গতকালই শেষ। আগামী ১৪ নভেম্বর সম্ভাব্য সব মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘সংসদীয় বোর্ড বিচার-বিশ্লেষণ করে এবার দলের মনোনয়ন দেবে। প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে কয়েকটি সার্ভে করা হয়েছে। বিদেশি সংস্থাও সার্ভে করে তথ্য আপডেট করে দিয়েছে। ১৪ নভেম্বর থেকে মনোনয়ন প্রত্যাশীদের ইন্টারভিউ শুরু হবে। সভানেত্রী শেখ হাসিনা সরাসরি প্রার্থীদের ইন্টারভিউ নেবেন।’ আওয়ামী লীগের টিকিট পাওয়া মানেই বিজয়ী-এ ধারণা ভ্রান্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু কিছু পত্রিকায় এসেছে আওয়ামী লীগের টিকিট পাওয়া মানেই বিজয়ী। এটা একটা ভ্রান্ত ধারণা। যারা এটা মনে করেন তারা বড়মাপের ভুল করছেন।’ এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
