ভোটকক্ষে ভোটার সিপ দ্বারা শনাক্ত হওয়ার পর কন্ট্রোলিং ইউনিটের দায়িত্বে থাকা কর্মকর্তা আমার বৃদ্ধাঙ্গুলের তিনবার ছাপ নিলেন এবং তিনবারই বৃদ্ধাঙ্গুলের ছাপসহ স্ক্রিনে ‘যাচাই’ শব্দটি ভেসে উঠল। তারপর আমি পর্দা দিয়ে ঘেরা ব্যালটিং ইউনিটে আমার পছন্দের তিন মার্কার বিপরীতে থাকা সাদা এবং সবুজ বাটনে চাপ দিয়ে আমার ভোট প্রদান সম্পন্ন করলাম। ফেরার সময় কন্ট্রোলিং ইউনিটের লোককে বললাম, জাল ভোট দেওয়ার কোনো সুযোগ দেখছি না। তখন তিনি আমাকে কন্ট্রোলিং ইউনিটে পুনরায় বৃদ্ধাঙ্গুলের ছাপ দিতে বললে আমি ছাপ দিলাম এবং স্ক্রিনে ‘আপনি ইতিমধ্যে আপনার ভোট প্রদান করেছেন’—এই বাক্যটি স্ক্রিনে ভেসে উঠল। আমি নিশ্চিত হলাম, ইভিএম ঠিকভাবে কাজ করছে। তবে ইভিএমে ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রেইল (ভিপিপিএটি) সম্পর্কিত একটি প্রিন্ট পেপারের ব্যবস্থা করা হলে ইভিএমের বস্তুনিষ্ঠতা এবং গ্রহণযোগ্যতা সম্পর্কে কোনো সন্দেহ থাকবে না বলে আমার মনে হয়। নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বসহকারে ভেবে দেখতে পারেন।
মাহবুব আলী
৪১ আবদুল হাদী লেন, বংশাল, ঢাকা
