এবারের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে জেলার একমাত্র নারী এমপি মমতাজ বেগমকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে পেয়ে খুবই খুশি নারী ভোটাররা। খ্যাতনামা এই কণ্ঠশিল্পীকে নৌকার মাঝি হিসেবে পেয়ে কেবল নারীরা নয়, খুশি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ পুরুষ ভোটাররাও।
মমতাজ বেগম নৌকার টিকিট পেয়েই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ভোটারদের কাছে তুলে ধরছেন। গত শুক্রবার হরিরামপুর উপজেলায় পথসভা করেন তিনি। প্রিয় শিল্পী মমতাজকে এক নজর দেখার জন্য ভিড় করেন গ্রামাঞ্চলের নারীরা। হরিরামপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, বালির টেক কালীগঙ্গা নদীর ওপর ব্রিজ নির্মাণ, রাস্তাঘাট, কালভার্ট, বিশেষ করে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এখানকার সাধারণ মানুষ তাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হন।
হরিরামপুরের পথসভায় মমতাজ বেগম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আপনারা এতো উন্নয়ন দেখতে পেয়েছেন। এ অবদান আমার নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী আমাকে দিয়েই এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন। তাহলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। এখন আমাকে যা দেবেন তখন তার কয়েকগুণ আমি আপনাদের দেব। আজকের এ পথসভায় প্রমাণ হয়েছে এখানে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বক্তব্যশেষে নৌকা মার্কার লিফলেট বিতরণ করেন তিনি।
