প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের দ্বিপাক্ষিক সফরে আগামীকাল মঙ্গলবার ইতালি যাচ্ছেন। ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে এই সফরে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফর বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, প্রস্তাবিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে— সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক আলোচনা এবং কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি যৌথ ইশতেহার প্রকাশ করা হবে। যদি সফরের সময় প্রস্তাবিত চুক্তিগুলো স্বাক্ষর করা সম্ভব না হয়, তবে সেগুলো যৌথ বিবৃতিতে প্রতিফলিত হবে এবং পরে চুক্তিগুলো স্বাক্ষর করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও ইতালি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করছে। তবে উভয় দেশের মধ্যে এ বিষয়ে চুক্তির কোনো সম্ভাবনা নেই। দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সম্ভাব্য বিভিন্ন খাতে আরো বেশি ইতালির বিনিয়োগের আহ্বান জানাবেন। এছাড়াও দুই নেতা দ্বিপক্ষীয় ইস্যুর ব্যাপক পরিমণ্ডল এবং পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। একই দিন কয়েকটি ইতালীয় বড়ো ব্যবসায়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেলে সাক্ষাত্ করবেন।
