হরতালে সমর্থন না পাওয়া বিএনপির ডাবল পরাজয় :তোফায়েল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলের সমন্বয়ক তোফায়েল আহমেদ এমপি বলেছেন, নির্বাচনে হারের পর হরতালে জনগণের সমর্থন না পাওয়া বিএনপির জন্য ডাবল পরাজয়। এই হরতালের সিদ্ধান্ত তাদের জন্য রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। গতকাল রবিবার বিকালে বনানীর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে সিটি নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনে তাদের জেতার উদ্দেশ্য ছিল না। তাদের নেতাই বলেছেন, এটা তাদের আন্দোলনের অংশ। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল। তবে সেখানেও ব্যর্থ হয়েছে। কেউ এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেনি। অন্যদিকে আমরা নির্বাচন করেছি জয়ের জন্যই। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক ইউনিটি ছিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, প্রধানমন্ত্রীর হারানোর কিছু নেই। তিনি জনগণের জন্য সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন। সিটি করপোরেশনে কি সমস্যা, নগরবাসীর কি সমস্যা—আর সেগুলো সমাধানে মেয়ররা কীভাবে কাজ করবেন, তা তিনি জানেন।

এদিকে আগামী তিন দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা থেকে পোস্টার সরিয়ে ফেলার ঘোষণা দিয়ে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদের কর্মীদের মাঠে নামিয়ে দেব। এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। আগামী তিন দিনের মধ্যে ডিএনসিসি পোস্টার মুক্ত করা হবে। আতিক আরো বলেন, পলিথিনে মোড়ানো পোস্টারগুলো রিসাইক্লিং করা হবে। যারা পোস্টার পোড়াচ্ছেন তাদের প্রতি অনুরোধ—এগুলো কেউ পোড়াবেন না, এগুলো রিসাইক্লিং করব।

ঢাকা উত্তরের নবনির্বাচিত এই মেয়র বলেন, অনেক চ্যালেঞ্জ আছে। নগরবাসীর কাছে সুযোগ চেয়েছিলাম, তারা আমাকে সেই সুযোগ দিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে নগরীর সমস্যা দূর করব। প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। এছাড়াও নতুন ১৮টি ওয়ার্ড নিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংসদ সদস্য আসলামুল হক আসলাম, ফারুক খান পাঠান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেক খান, বর্তমান সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।