মাদক বিক্রেতা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আবারো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও এমপি শামীম ওসমান। তিনি বলেছেন, আমি সব সহ্য করতে পারি। কিন্তু আমার এলাকাতে মাদক ও সন্ত্রাসকে সহ্য করব না। আমি বহুবার বলেছি মাদক বিক্রেতাদের, তোমরা এসব ছাড়ো। অনেকে ছেড়েছে। আবার অনেকে গোপনে সেটা ধরে রেখেছে। একটি সমাজ নষ্ট করতে একটি এলাকায় একজন মাদক বিক্রেতাই যথেষ্ট। আর একটি পরিবার ধংস করতে একজন মাদকাসক্তই যথেষ্ট। তাই মাদক যারা ছড়িয়ে দিচ্ছে তারা ভালো না হলে সামনে তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে বলব আপনারা এ ক্ষেত্রে জিরো টলারেন্স গ্রহণ করুন। মাদককে উত্খাত করতে প্রয়োজনে গুলি করুন।
গতকাল শুক্রবার বিকালে ফতুল্লার আলীগঞ্জ রেল লাইনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তরুণদের বলব তোমরা আগামী দিনের ভবিষ্যত্। তোমরা তোমাদের জীবন গড়ো। আমি সহযোগিতা করব। উন্নত বাংলাদেশ গড়তে তোমাদের প্রয়োজন। তাই তোমাদের আমি জাগাতে এসেছি। তোমরা জাগলে বাংলাদেশ জাগবে। নির্বাচনেও সবাই সবাইকে বলব বিবেক খাটিয়ে ভোট দেবেন। আমি যোগ্য হলে ভোট দেবেন না হলে দেবেন না।
