সাভারে মা-মেয়েসহ তিন জন নিহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৯

মা-মেয়েসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ১০ জন নিহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

সাভার : সাভারে বাসচাপায় মা-মেয়ে ও এক রিকশাচালকসহ তিন জন নিহত হয়েছেন। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাই গ্রামের আদর মোল্লার স্ত্রী মালেকা বেগম (২২), তার শিশুকন্যা ফাতেমা বেগম (৪) ও টাঙ্গাইলের নাগরপুর থানার অঞ্জনপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে চালক জুয়েল রানা।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুরে বাসের নিচে পড়ে জামিলা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি শাহজাদপুর পৌর এলাকার প্রাণনাথপুর গ্রামের। গতকাল পাবনা-ঢাকা মহাসড়কের শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ডের কাছে মাদলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় মাতাল চালকের প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে হূদয় সাহা (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। হূদয় পৌরসভাধীন ঝিকিড়া মহল্লার আকালু সাহার ছেলে এবং চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শনিবার পৌরশহরের মার্চেন্টস পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা  ঘটে। পুলিশ জানান, গাড়ি চালানোর সময় ফজলুল হক মদ্যপান করে মাতাল অবস্থায় ছিলেন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় প্রাণ হারাল শিশু শ্রেণির শিক্ষার্থী মুজাহিদ। গতকাল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মুজাহিদ একই গ্রামের আরিফুল হকের একমাত্র ছেলে এবং উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ে দীপক চন্দ্র নাথ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। দীপক উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া নাথ পাড়া গ্রামের। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালপুর (টাঙ্গাইল) : ধনবাড়ীতে ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছেন। গতকাল টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে ধনবাড়ী পৌরশহরের খাদ্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পাখাডুবি গ্রামের মো. হুমায়ুন কবীর (৪০) এবং পারপড়া গ্রামের আবু বক্কর (৫০)।

অভয়নগর (যশোর) : অভয়নগরের পাঁচ কবর নামক স্থানে ডিজিটাল ওয়েব্রিজের সামনে ইজিভ্যানের চাকার সঙ্গে শাড়ি জড়িয়ে তাসলিমা আক্তার (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সিডল টেক্সটাইল মিলের শ্রমিক। তিনি যশোর রুপদিয়ার জিরেট নামক গ্রামের।

মেহেরপুর:চুয়াডাঙ্গা সড়কের আহমেদ আলী টেকনিক্যাল কলেজসংলগ্ন স্থানে গতকাল সালাউদ্দিন সাগর নামে এক ডিপ্লোমা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাগরের পিতা মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাবলুসহ আরো তিন জন।

কেরানীগঞ্জ (ঢাকা) :কেরানীগঞ্জের প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে কারচালক নিহত ও আরো তিন জন আহত হয়েছেন। গতকাল ঢাকা-মাওয়া রোডের সাউথ টাউন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত কারো পরিচয় জানা যায় নি।