বরিশালে টোলপ্লাজায় উলটো লেনে বাস, তিন যানের সংঘর্ষে আহত ২০

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫০

বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদি টোলপ্লাজায় উলটো লেনে যাত্রীবাহী একটি বাস ঢুকে পড়ে। এতে বাস ও জ্বালানি ট্যাংকারসহ তিনটি যানের সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনায় গুরুতর আহত দুই জনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী থেকে একটি যাত্রীবাহী বাস (যশোর-ড ১১-০৪৪৮) সুরেস্বর দরবার শরিফ যাচ্ছিল। দুপুরের দিকে উজিরপুরের ইচলাদি টোলপ্লাজা অতিক্রমকালে বাসটি দ্রুত যাওয়ার জন্য টোলের উলটোপাশের লেনে প্রবেশ করে। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি জ্বালানিবাহী ট্যাংকারের (ঢাকা মেট্রো ১১- ২২০৬) সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ট্যাংকারটির পেছনে আরেকটি বাস (ফরিদপুর ব-০২২১) আঘাত করে। দুর্ঘটনায় বাস দুইটি এবং ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় বাস ও ট্যাংকারের চালক, হেলপার এবং যাত্রীসহ অন্তত ২০ জন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্যাংকার অপসারণ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান উজিরপুর থানার ওসি জিয়াউল হাসান। আহতদের মধ্যে গুরুতর দুই জনকে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যালে প্রেরণ এবং অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।