দুর্নীতি, মাদক নির্মূলসহ আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিজ্ঞ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান সরকার দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। দুর্নীতি, জঙ্গি, সন্ত্রাস, মাদক নির্মূলসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল রবিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সন্ত্রাস বা জঙ্গি কর্মকাণ্ড নির্মূল বা প্রতিরোধে ইতিমধ্যে অ্যান্টি টেররিজম ইউনিট গঠন করা হয়েছে। সিসিটিসি গঠনপূর্বক জঙ্গি ও সন্ত্রাসীদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, কৃষি সেচ মৌসুমে অন্যান্য সময়ের তুলনায় ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত ডিজেলের চাহিদা বেশি থাকে। এই সময়ে সীমান্ত দিয়ে পাচারও হয়ে থাকে। জ্বালানি তেল পাচার রোধে বাংলাদেশ বর্ডার গার্ডসহ সরকারের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রকল্প, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিওতে সর্বমোট ২৬ হাজার ২৪০ জন ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন।