ভোটে জনগণের অনীহা অশনিসংকেত, রাজনৈতিক দলকেই অপ্রাসঙ্গিক করবে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৫

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটারের উপস্থিতি নৈরাশ্যজনকভাবে কম ছিল। ভোটের প্রতি জনগণের এই অনীহা গণতন্ত্রের জন্য অশনিসংকেত, যা রাজনৈতিক দলকেই ক্রমাগত অপ্রাসঙ্গিক করে তুলবে। এ কারণেই ওয়ার্কার্স পার্টি নির্বাচনের ব্যাপারে জনগণের এই অনীহা দূর করে নির্বাচনকে সঠিক জায়গায় স্থাপনের কথা বলে আসছে। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা একথা বলেন।

মেয়র নির্বাচিত হওয়ায় শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে অভিনন্দন জানিয়ে মেনন-বাদশা বিবৃতিতে বলেন, নির্বাচনি প্রচার থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনি প্রচারে যে উত্সাহ ও অংশগ্রহণ ছিল ভোট প্রদানের ক্ষেত্রে সেটির প্রতিফলন ঘটেনি। বিএনপি বিগত সংসদ নির্বাচনের মতোই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ভোটকেন্দ্রে উপস্থিত হয়নি, পোলিং এজেন্ট দেয়নি অথবা থাকেনি। অবস্থাদৃষ্টে মনে হয়, দলীয় নেতৃবৃন্দ দুই তরুণকে তাদের রাজনীতির বলি করেছেন। নির্বাচনে মাঠে না থেকে হরতাল আহ্বান করে সেখানেও মাঠে না থাকা বিএনপি নৈরাজ্যিক চরিত্রেরই প্রমাণ দিয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের কিছু তোঘলকি ব্যবস্থা যেমন পূজার দিনে নির্বাচন অনুষ্ঠানে গোয়ার্তুমি ও পরবর্তীতে ভোটের তারিখ পরিবর্তন, নির্বাচনের দিন ঢাকা মহানগরের সব যান্ত্রিক যান নিষিদ্ধ করা, ত্রুটিপূর্ণ ইভিএম যন্ত্র ও অনভিজ্ঞ কর্মকর্তা—এসব মিলিয়ে জনগণকে ভোটদানে অনুত্সাহিত করেছে।