পরিবহনে ব্যবহূত জ্বালানি তেলের মান বজায় না রাখা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল, ইটভাটা থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজ, বর্জ্য পোড়ানোর ফলে নির্গত ধোঁয়ার কারণে রাজধানীর পরিবেশদূষণ হচ্ছে। এছাড়া ঢাকার বাতাসে পিএমের মান শুষ্ক মৌসুমে সাধারণ মাত্রার চেয়ে অনেক বেশি থাকে, এটাও বড়ো একটি কারণ। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত এক কর্মশালায় এমন অভিমত দেন বক্তারা।
কর্মশালায় দেশের সড়ক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, পরিবেশবিদ, ঢাকা পরিবহন মালিক সমিতি, সাংবাদিক, সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করেন। গত বুধবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ ড. আবদুল মোতালেব। উন্মুক্ত আলোচনায় অংশ নেন কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদ, বিআরটিএর পরিচালক লোকমান হোসেন মোল্লা, সড়ক পরিবহন বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার, যুগ্মসচিব আশরাফুজ্জামান, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি আজমল উদ্দিন আহমদ, সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ (বুলু), অধ্যাপক ড. রওশন মমতাজ, পুলিশের যুগ্ম-কমিশনার বাসুদেব বণিক, পরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহউদ্দিন।
