করোনা ভাইরাস

চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে বাংলাদেশ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩১

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা এক মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ চীনা ভ্রমণকারীদের ভিসা স্থগিত করেছে। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

সীমান্ত হত্যা বন্ধে বন্ধুত্বপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ডের বন্ধুত্বপূর্ণ সমাধান দেখতে চায় বাংলাদেশ সরকার। তিনি বলেন, ‘আমরা সীমান্তে একটি মৃত্যুও দেখতে চাই না। এটি গ্রহণযোগ্য নয়। ভারতও একমত যে এটি গ্রহণযোগ্য নয়। প্রতিবারই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে সীমান্ত হত্যার বিষয়ে ভারতকে বাংলাদেশের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ঢাকা সব সময়ই নয়াদিল্লির কাছে উদ্বেগ প্রকাশ করেছে।

তিনি বলেন, আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সমাধান চাই (সীমান্ত হত্যা বিষয়ে), যাতে সীমান্তবর্তী এলাকায় কাউকে জীবন দিতে না হয়। ভারত বার বার প্রতিশ্রুতি দিয়েছিল যে—সীমান্তে কোনো জীবনঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না এবং সীমান্তে হত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। তবে এটি ঘটছে।

সাম্প্রতিক সময়ে সীমান্তহত্যা বৃদ্ধি হওয়ার ব্যাপারে একমত হয়ে মোমেন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা এ ব্যাপারে খুব উদ্বিগ্ন। তিনি বাংলাদেশি নাগরিকদেরও সীমানা বিধি মেনে চলার এবং সামান্য সুবিধার জন্য নিজেকে বিপদে ফেলতে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ না করার আহ্বান জানান।