‘তোফাটুন’ কার্টুনের তোফা আর নেই

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩২

পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে ‘তোফাটুন’ কার্টুন এঁকে বঙ্গবন্ধুর সঙ্গে জেল খাটা সেই কার্টুনিস্ট শেখ তোফাজ্জেল হোসেন তোফা মারা গেছেন। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে সাভারের আমিনবাজারে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। আজ সোমবার বাদ জোহর জানাজা শেষে আমিনবাজার কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি তোফা কার্টুন আঁকার পাশাপাশি কবিতা, ছড়ায়ও অবদান রেখে গেছেন।

তোফাজ্জেল হোসেন তোফার জামাতা লাইজুল ইসলাম জানান, শেখ তোফাজ্জেল হোসেন কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। এরপর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

১৯৬৮ সালের একুশে ফেব্রুয়ারি ‘আর্তনাদ’ নামের সংকলনে শেখ তোফাজ্জেল ‘তোফার্টুন’ নাম দিয়ে একটি কার্টুন প্রকাশ করেন। তার সেই কার্টুনে তিনি দেখিয়েছিলেন, একটি গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, আর তার দুধ যাচ্ছে পশ্চিম পাকিস্তানে। পাকিস্তানি শোষণের শিকার বাংলার মানুষ লুফে নিয়েছিল কার্টুনটি। তখন পাকিস্তান সরকার শেখ তোফাজ্জেল হোসেনকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকে রাখে। বঙ্গবন্ধুও তখন সেখানে বন্দি ছিলেন। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে গণ-আন্দোলনের প্রেরণাদায়ী এই কার্টুনকে বাংলার স্বাধীনতা আন্দোলনের পটভূমি তৈরির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হয়।

জানা গেছে, শেখ তোফাজ্জেল হোসেন তোফা ১৯৪৪ সালে আসামের মারিয়ানি শহরে জন্মগ্রহণ করেন। পরে পরিবারের সঙ্গে তিনি চলে আসেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শালমারা গ্রামে। শেখ তোফাজ্জেল হোসেন বেশ কিছু বই লিখেছেন। ২০১২ সাল পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার কার্টুন এঁকেছেন, যা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়। এছাড়া ২০০৫ পর্যন্ত প্রায় ২৫ বছর একটানা তিনি বাংলাদেশ বেতারে বাংলা খবর পাঠ করেছেন।