গাজীপুরের ডিসিকে বেনামী চিঠি দিয়ে হুমকি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০০:১২

গাজীপুরের ডিসিকে নাম ঠিকানাবিহীন একটি চিঠি দিয়ে  হুমকি দেওয়া হয়েছে। ওই বেনামী চিঠিটি ২০ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে হস্তগত হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, চিঠিতে তিনি, তার পরিবার ও আত্মীয়-স্বজনকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর বরাবর চিঠি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, হাতে লেখা চিঠিতে একটি অংশে লেখা আছে ‘আপনার প্রতিদিনের তত্পরতা মনিটর করা হচ্ছে। আপনার অপরাধ দিন দিন ভারি হচ্ছে। তাই টার্গেট থেকে বাদ পড়তে ১০০ ভাগ নিরপেক্ষতা প্রমাণ করুন। অন্যথায় অ্যাকশন।’