গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশী করে ১৬’শ পিস ইয়াবা টেবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাসন থানা পুলিশ। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
আটককৃতবা হলেন, টাঙ্গাইলের সখীপুরের বোয়ালী এলাকার জয়নাল আবেদীন জাফর (৩০), মাহবুব হোসেন (২৮) ও রাকিব হাসান (২৪)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মোক্তার হোসেন জানান, ইয়াবাগুলো গাজীপুর মহানগরীর ভোগড়া কাঁচা বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে কিনে সখীপুর নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশী করে ইয়াবাগুলো পাওয়া যায়। পরে গাড়িটি জব্দ করে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ইয়াবাগুলো এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটককৃতরা স্বীকার করেছে। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।
