লুত্ফর রহমান রিটন
ঝিঙেফুল
প্রচ্ছদ ও অলংকরণ :সরদার জয়নুল আবেদীন। মূল্য :৬৫০ টাকা
সমকালীন বাংলা ছড়াসাহিত্যে অগ্রগণ্য এবং অনিবার্য একটি নাম লুত্ফর রহমান রিটন। মুখে মুখে ফেরে তাঁর ছড়া, দেয়াল-লিখন হয় তাঁর ছড়া দিয়ে। জাতীয় দৈনিকের উপসম্পাদকীয় কলামেও উদ্ধৃত হয় রিটনের ছড়া। ‘ধুত্তুরি’ দিয়ে ছড়া-বিশ্বে তাঁর অভিযাত্রা—সে যাত্রা কখনো কিছুমাত্র সময়ের জন্য থামেনি। একে একে বেরিয়ে গেছে ‘ঢাকা আমার ঢাকা’, ‘হিজিবিজি’, ‘তোমার জন্য’, ‘ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ’, ‘শেয়ালের পাঠশালা’, ‘হামটি ডামটি’, ‘নাই মামা কানা মামা’, ‘বাঘের বাচ্চা’, ‘ভূতের জাদু’, ‘শেখ মুজিবের ছড়া’, ‘হবুচন্দ্র রাজার দেশে’, ‘পান্তাবুড়ি’, ‘হ্যালো হুলো’, ‘সূর্যমামা ভীষণ রাগী, চাঁদমামা খুব ভালো’, ‘ঘোড়ার ডিম’, ‘টুইংকেল টুইংকেল লিটিল স্টার’, ‘হালুম মানে বাঘ’, ‘হিপ্ হিপ্ হুররে’, ‘সোনার ছেলে খোকা’, ‘এই বইটা আমার’, ‘ভাইবোনের ছড়া’, ‘হ্যালো, এটা বাবার অফিস?’, ‘ধিতাং ধিতাং’, ‘ওরে আমার ছড়া রে’, ‘আমার একটা বেড়াল ছিল’, ‘ছড়াসব করে রব’, ‘হারাধনের ত্রিশটি ছেলে’, ‘অনেকগুলো মামা’, ‘ভূতের বিয়ের নিমন্ত্রণে’, ‘গণেশ ধনেশ রণেশ এবং ভূতের বাচ্চা’, ‘লিলিপুটের ছোটভাই’, ‘লাল জেব্রার ম্যাজিক’—কত কত ছড়ার বই। বড়োদের জন্যও ছড়া লিখেছেন ঢের—সে ধরনের ছড়ার বইও তাঁর অনেকগুলো। এই বইতে শুধু ছোটোদের কথা মনে রেখে তাদের উপযোগী ছড়াগুলো বেছে নেওয়া হয়েছে। চার রঙে আঁকা ঝলমলে ছবি সমৃদ্ধ ১৯৬ ছড়ার এই সংগ্রহ কেবল ছোটোদেরই নয়, বড়োদেরও মনে ধরবে—যাঁরা নিটোল ছড়া পড়তে চান।
