ভাত খেতে বসলে যেমন টেবিল নোংরা হবেই, তেমনি রান্না করতে বসবেন আর রান্নাঘর নোংরা হবে না তাই কি হয়। দুধ উছলে পড়া, দেয়ালে তেলের ছিটে লাগা, কড়াইতে মশলার দাগ জমে যাওয়া, সিঙ্কে জলের ছিটে থাকা—সবই রান্না করার সাথেই সম্পূরক। রান্নাঘরের নানা ধরনের দাগের সমস্যা থেকে মুক্তি পেতে রইল চটজলদি দাগ তোলার কিছু সহজ টিপস।
স্টেনলেস স্টিলের বাসন চকচকে রাখতে পরিষ্কার সুতির কাপড়ে সামান্য ভিনিগার ঢেলে মুছুন। নতুন বাসনের মতো চকচক করবে। বেশি তেল-মশলা দেওয়া খাবার পাত্রে রাখলে পাত্রটি সাবান দিয়ে ধুয়ে সবশেষে ভিনিগারের জল দিয়ে ধুয়ে নিন, এতে তেলতেলে ভাব কেটে যাবে। চাল ধোয়া জলে স্টিল ও কাচের বাসন কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিলে বাসনগুলো ঝকঝকে হবে। ননস্টিকি প্যানে হাফ কাপ ভিনিগার, ২ টেবিল চামচ বেকিং সোডা, ১ কাপ পানি একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। পোড়া দাগ একেবারে উধাও হয়ে যাবে। কড়াই বা ফ্রাই প্যানে খাবার ধরে গেলে পাত্রটি লবণপানি দিয়ে আঁচে বসান। পানি ফুটতে শুরু করলে পোড়া অংশ আলগা হয়ে উঠে যাবে। বোন চায়নার বাসনে দাগ ধরে গেলে নেলপালিশ রিমুভার ব্যবহার করতে পারেন। দাগ উঠে যাবে। কাঁসার বাসন ঝকঝকে করতে ব্রাসোর সঙ্গে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে কিছুক্ষণ ঘষুণ, সোনার মতো চকচক করবে। অ্যানামেলার বাসন থেকে দাগ তুলতে লবণ আর ভিনিগারের মিশ্রণ করুন। পিতলের বাসন অনেকদিন অব্যবহূত অবস্থায় পড়ে থাকলে চকচকে করার জন্য তেঁতুল ও লবণ দিয়ে ঘষে নিন। রুপার বাসন কালো হয়ে গেলে পানির সঙ্গে লবণ আর রিঠা মিশিয়ে ১৫ মিনিট ফুটিয়ে নিন। সেই পানি দিয়ে ধুয়ে নিন। রুপার স্বাভাবিক রং ফিরে আসবে।
সহজ সমাধান
l রান্নাঘরের টাইলস পরিষ্কার করার জন্য উষ্ণ গরম পানিতে ভিনিগার, লবণ, সাবান মিশিয়ে মুছে নিন।
l রান্না করার পরই অভেন, সিঙ্ক পরিষ্কার করে নিন। এতে তেল, মশলার দাগ বসতে পারবে না।
l রান্নাঘরের দেয়ালে প্লাস্টিক পেইন্ট করান। সহজেই সাবান দিয়ে ধুতে পারবেন।
