বিকেলের নাস্তায় প্রতিদিন একই স্বাদের খাবার খেতে ভালো লাগে না। স্বাদের ভিন্নতা আনতে আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন ফাস্ট ফুড আইটেম। এবারের আয়োজনে তেমনি কয়েকটি রেসিপি দিয়েছেন আলভী রহমান শোভন
বিফ সালামি বার্গার
উপকরণ :বার্গার বান ৪টি, বিফ সালামি স্লাইস ১২টি, পেঁয়াজকুঁচি আধা কাপ, লেটুস ৪টি, টমেটো ১টি, শসা ১টি, স্লাইস চিজ ৪টি, গারলিক মায়ো সস আধা কাপ, ব্ল্যাক অলিভ ৪টি।
প্রণালি :বার্গার বান মাঝখান থেকে কেটে গারলিক মায়ো সস ব্রাশ করে নিন। এবার এতে লেটুস দিয়ে তার উপর স্লাইস চিজ বসিয়ে বিফ সালামি রেখে দিন। এবার এর উপর টমেটো ও শসা স্লাইস মিশিয়ে কাঠি দিয়ে বার্গার গেঁথে উপরে ব্ল্যাক অলিভ দিন। এবার সাজিয়ে নিয়ে সস দিয়ে পরিবেশন করুন।
চিকেন সালামি স্যান্ডউইচ
উপকরণ :চিকেন সালামি ৮ স্লাইস, স্লাইস ব্রেড ৪ পিস, শসা কুঁচি আধা কাপ, মেয়োনিজ আধা কাপ, মাস্টারড পেস্ট ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, গারলিক পাউডার ১ চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ।
প্রণালি :শসা কুঁচি, মেয়োনিজ, মাস্টারড পেস্ট, গোলমরিচ গুঁড়া, গারলিক পাউডার ও অলিভ অয়েল এক সাথে মিশিয়ে ব্রেডের উপর দিয়ে এর উপর স্লাইস চিকেন সালামি দিয়ে উপরে আরেকটি ব্রেড রাখুন। এবার ব্রেডের চারপাশের বাদামি অংশ কেটে ফেলে দিন। মাঝখান থেকে কোনাকুনি করে কেটে ডিশে সাজিয়ে সসের সাথে পরিবেশন করুন।
বিফ সালামি কুইসাডেলা
উপকরণ :বিফ সালামি ৮ স্লাইস, পিটা ব্রেড ৪টি, গারলিক মায়ো সস আধা কাপ, লেটুস ৪ টি, টমেটো ১ টি, শসা ১ টি, লবণ স্বাদ মত।
প্রণালি :পিটা ব্রেডে গারলিক মায়ো সস ব্রাশ করে লেটুস দিয়ে তার উপর বিফ সালামি রেখে তাতে শসা ও টমেটো স্লাইস সাজিয়ে রোল করে সস দিয়ে পরিবেশন করুন।
ক্রিস্পি চিকেন স্ট্রিপ
উপকরণ :মুরগির বুকের মাংস ২০০ গ্রাম, ময়দা ২ কাপ, গারলিক পাউডার ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও ভাজার জন্য সামান্য তেল।
প্রণালি :ময়দার সাথে গারলিক পাউডার, গোলমরিচ গুঁড়া ও লবণ মেশান। এবার মুরগির মাংস লম্বা করে কেটে ময়দার সাথে মিশিয়ে পানিতে ৫ সেকেন্ড চুবিয়ে আবার শুকনো ময়দায় গড়িয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। এবার সস দিয়ে পরিবেশন করুন।
