ইনিংসে জিতল পূর্বাঞ্চল
স্পোর্টস রিপোর্টার
জাতীয় দল আজ সকালেই রওনা দেবে পাকিস্তান। সেখানে গিয়েও কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই। তা নিয়ে আফসোসই করছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে বলছিলেন যে, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, তাইজুল ইসলামরা বিসিএলে ভালো প্রস্তুতি নিতে পেরেছেন। গতকাল এই তালিকায় নাম লেখালেন লিটন দাস ও নাঈম হাসান।
পাকিস্তান রওনা দেওয়ার আগের দিন দলের ম্যাচ বাঁচানো সেঞ্চুরি করলেন লিটন। আর ঢাকায় দল জেতানো ৬ উইকেট তুলে নিলেন নাঈম। এদিকে মোহাম্মদ মিঠুনও ৮৩ রানের ইনিংস খেলেছেন।
গতকাল বিসিএলের প্রথম রাউন্ডের শেষ দিনে ঢাকায় মধ্যাঞ্চলকে ইনিংস ও ৯ রানে হারিয়েছে তামিম-মুমিনুলদের পূর্বাঞ্চল। আর চট্টগ্রামে ড্র করেছে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল।
ঢাকায় গতকাল শেষ দিনে ম্যাচ বাঁচানো ছাড়ার আর কোনো চেষ্টা করার ছিল না মধ্যাঞ্চলের। তামিম ট্রিপল সেঞ্চুরি করে দলকে ৫৫৫ রানের পাহাড়ে তুলে দিয়েছিলেন। আর মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ২১৩ রানে অলআউট হয়েছিল। গতকাল মিঠুন ও তাইবুরের প্রবল প্রতিরোধের পরও অলআউট হলো তারা ৩৩৩ রানে। নাঈম ৮৫ রানে ৬ উইকেট নেন।
শেষ দিনে জিততে হলে ৪৩২ রান করতে হতো উত্তরাঞ্চলকে, হাতে ছিল ১০ উইকেট। ৪ উইকেটে তারা ২৭৮ রান করার পর ড্র মেনে নেয় দুই দল।
প্রথম ইনিংসের প্রথম বলে এলবিডব্লিউ হওয়া লিটন দ্বিতীয় ইনিংসে চারে নেমে অপরাজিত থাকেন ১০৩ রানে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার ৪৫৪ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়ায় বিনা উইকেটে ২২ রানে দিন শুরু করে উত্তরাঞ্চল। দলীয় ৭২ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রনি তালুকদার আউট হওয়ার পর ক্রিজে আসেন লিটন। তৃতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকের সঙ্গে গড়েন ১২৫ রানের জুটি। ১২৭ বলে ৬১ রান করা জুনায়েদকে বোল্ড করে জুটি ভাঙেন পাকিস্তান সফরে দলে থাকা আল-আমিন হোসেন।
এরপর অধিনায়ক নাঈম ইসলামের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটিতে নেতৃত্ব দেন লিটন। ৭২ বলে ৪৩ রান করা নাঈমকে ফিরতি ক্যাচে ফেরান মাহমুদউল্লাহ। সেটিই ম্যাচের শেষ ওভার।
২২৮ মিনিট ক্রিজে থেকে ১৬৮ বল খেলে ৯টি চার ও ২ ছক্কায় তিন অঙ্কের ইনিংসটি সাজান লিটন। প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চদশ সেঞ্চুরি করার পথে পেরিয়ে যান ৫ হাজার রানের মাইলফলক।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণাঞ্চল—উত্তরাঞ্চল
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৬৭.৪ ওভারে ২৬২
এবং ২য় ইনিংস: ১০২ ওভারে ৩৯৮/৩ ডিক্লেয়ার
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৭৭.১ ওভারে ২০৭
এবং ২য় ইনিংস: (লক্ষ্য ৪৫৪) ৮১ ওভারে ২৭৮/৪ (লিটন ১০৩*, রনি ৭২, জুনায়েদ ৬১, নাঈম ৪৩, মিজানুর ২৯; রাজ্জাক ২/৬৬)
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ : শফিউল ইসলাম
মধ্যাঞ্চল—পূর্বাঞ্চল
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৭৫.১ ওভারে ২১৩/১০
এবং ২য় ইনিংস: ১০৯.২ ওভারে ৩৩৩/১০ (মিঠুন ৮৩, তাইবুর ৬২, শান্ত ৫৪, শুভাগত ৩৫; নাঈম ৬/৮৫, তাইজুল ২/৮২)।
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৩৯/৫ ওভারে ৫৫৫/২ ডিক্লেয়ার
ফল: পূর্বাঞ্চল ইনিংস ও ৯ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল।
