গোল করেই চলেছেন রোনালদো

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৬

স্পোর্টস ডেস্ক

টানা নয় খেলায় গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বশেষটিতে দুটো পেনাল্টি মেরে গোল করে ক্লাব রেকর্ডেরও সমকক্ষ হলেন তিনি। তাতে ইতালির সিরি আ’র শীর্ষে থাকা জুভেন্তাস আগের খেলায় হারের ধাক্কা কাটিয়ে উঠে ফিওরেন্তিনাকে হারালো ৩-০ গোলে।

রোনালদো পেনাল্টি দুটি নেন উভয়ার্ধের শেষ ভাগে। আগের টানা গোলের রেকর্ডটি হলো ডেভিড ত্রেজেগুয়ের। ফরাসি এই খেলোয়াড় ২০০৫ সালে রেকর্ডটি গড়েন। পর্তুগিজ স্ট্রাইকারটি এ নিয়ে চলতি মৌসুমে ইতালির লিগটিতে ১৯ খেলায় ১৯ গোল করলেন। গত মৌসুমে সব মিলিয়ে করা গোলের চেয়ে যা কেবল দুটি কম।

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার পর রোনালদো এ পর্যন্ত সিরি আ’তে ৫০ ম্যাচ খেলেছেন। সে খেলাগুলোয় ৫০ গোলে সম্পৃক্ততা আছে তার। এর মধ্যে গোল করেছেন ৪০টি, করিয়েছেন ১০টি।

এ জয়ে জুভেন্তাস নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের চাইতে তিন পয়েন্টে এগিয়ে থাকল। রোমেলো লুকাকুর জোড়া গোলে ইন্টার এদিন হারায় উদিনেসকে। তৃতীয় স্থানে থাকা ল্যাজিও এদিন জিতেছে। আগের সপ্তাহে ন্যাপোলির কাছে হারের কারণে এ দুটি দল জুভেন্তাসের এত কাছে চলে আসতে পেরেছে।

এদিকে জয় ও গোল অব্যাহত রাখতে পেরেছেন বলে আনন্দিত রোনালদো। নিজের টুইটারে তিনি লেখেন, ‘জয়ে ফেরাটা ভালো ব্যাপার। আমাদের স্টেডিয়ামে আবার গোল করতে পেরেছি বলে আনন্দিত। এই জার্সি গায়ে চাপিয়ে ৫০ গোলে পৌঁছাতে পারায় গর্বিত।’