ফাতি-আলোয় উদ্ভাসিত বার্সা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৬

স্পোর্টস ডেস্ক

কিশোরসুলভ উচ্ছলতাটা এখনো ঠিকঠাক মোছেনি আনসুমান ফাতির। এ বয়সে লিওনেল মেসিদের সঙ্গে দেখা করাটাই স্বপ্ন হয়ে থাকে আর সবার। সে বয়সে মেসির পাশে খেলছেন, তারই জোগান থেকে গোল করে বার্সেলোনার জয়ের নায়ক হওয়াটা তো স্বপ্ন সত্যি হবার মতোই ব্যাপার! জোড়া গোল করে লেভান্তের বিপক্ষে ২-১ ব্যবধানে বার্সেলোনাকে জিতিয়ে ফাতি নিজেও জানালেন, ব্যাপারটা সত্যিই স্বপ্নের মতো।

রবিবার রাতে নিজেদের মাঠে ৩০ মিনিটে মেসির দুর্দান্ত পাস থেকে দলকে এগিয়ে দেন ফাতি। এক মিনিটের বিরতিতে আবারও ফাতির গোল, এবারও জোগানটা এলো মেসির কাছ থেকেই। দ্বিতীয়ার্ধে দুবার হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন গিনিয়ান এ ফরোয়ার্ড। দুই বারই লেভান্তে গোলরক্ষক আইতর ফার্নান্দেজের নৈপুণ্য তৃতীয় গোলটি থেকে বঞ্চিত করে ফাতিকে। অন্তিম সময়ে রুবেন রোচিনার লক্ষ্যভেদে লেভান্তে ব্যবধান কমালেও সমতাসূচক গোলের দেখা আর পায়নি।

জয়ের নায়ক বনে যাওয়ার পর ফাতি জানালেন, বহুদিন ধরে এমন স্বপ্নই পুষে রেখেছিলেন মনের কোণে, ‘এটা স্বপ্নের মতো। আমার সতীর্থ ও কোচকে ধন্যবাদ দিতে চাই আমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্যে।’

স্প্যানিশ লিগের বার্সার সর্বকনিষ্ঠ গোলদাতা বনেছিলেন আগেই। গত রবিবার রাতে লেভান্তের বিপক্ষে দুবার লক্ষ্যভেদ করে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জোড়াগোলের কীর্তিও গড়েছেন ১৭ বছর বয়সি এ ফরোয়ার্ড। ফাতি জানালেন, স্বপ্ন সত্যি হওয়াটা ধীরে ধীরে বিশ্বাসও করতে শুরু করেছেন তিনি।

বার্সা ফরোয়ার্ডের ভাষ্য, ‘আমার সঙ্গে যা ঘটছে সেটা ধীরে ধীরে বিশ্বাস হচ্ছে আমার। আমি মাত্রই জানলাম এ ব্যাপারে। আমি উন্নতি করে যেতে চাই এবং সুযোগগুলো কাজে লাগাতে চাই।’ মেসির পাশে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাকে অনেক বছর ধরেই খেলতে দেখছি এবং তার সঙ্গে খেলাটা একটা স্বপ্নের মতোই। ড্রেসিং রুমে প্রথম যেদিন এসেছিলাম, সেদিন থেকেই আমার সতীর্থরা কাজটা সহজ করে দিচ্ছে। তাদের ধন্যবাদ জানাতে চাই।’

কোচ কিকে সেতিয়েনেরও ভূয়সী প্রশংসাই পেয়েছেন ফাতি। বার্সা কোচের বক্তব্য, ‘সে উদীয়মান এক খেলোয়াড় আর বেশ সম্ভাবনাময়ও। সে দারুণ কাজ করছে। গোলগুলো আর দলের সাহায্যের কারণে আজকের দিনটা তার জন্যে ঐতিহাসিক ছিল। তার রক্ষণকাজও দারুণ।’