প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭

রাওয়ালপিন্ডি টেস্ট

স্পোর্টস রিপোর্টার

সব ঠিক থাকলে আজ দ্বিতীয় দফা পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এই দফাতে শুধু রাওয়ালপিন্ডিতে একটা টেস্ট খেলবে তারা। টেস্টের আগে পাকিস্তানে অবশ্য কোনো অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। এ নিয়ে খুব একটা আক্ষেপ নেই অধিনায়ক মুমিনুল হকের। তিনি বলছেন, বিসিএলে ভালো একটা প্রস্তুতি হয়েছে।

গতকাল বিসিএলে নিজের দলের জয়ের পর মুমিনুল বলছিলেন, জাতীয় দলের প্রস্তুতির কথা, ‘সবকিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে, ভালো প্রস্তুতি হয়েছে। বোলার-ব্যাটসম্যানরা ভালো করেছে। কয়েক জন ভালো ভালো ইনিংস খেলেছে। সিনিয়র যারা ছিল, যারা ‘এ’ টিমে খেলেছে—চারটি বিসিএল দলে যারা টেস্ট স্কোয়াডে আছে, ভালো করেছে সবাই। সেদিক চিন্তা করলে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে।’

পাকিস্তানে গিয়ে প্রস্তুতি ম্যাচ না পাওয়া সম্পর্কে মুমিনুল বলছিলেন, এটা তাদের নিয়ন্ত্রণে নেই বলে তারা এ নিয়ে ভাবছেন না, ‘দেখুন, এটা তো আমার হাতে নেই। এটা নিয়ে মন্তব্য করাও কঠিন। যেহেতু হাতে নেই, এটা আবহাওয়ার মতো হলো। আমি নিয়ন্ত্রণ করতে পারব না। আমার কাছে মনে হয়, যেটা আছে, আমাদের সেটা নিয়ে যেতে হবে। যুদ্ধে যাওয়ার আগে যেরকম পরিস্থিতি হয়। কিছু করার থাকে না।’

মুমিনুল এই মিশনটাকে একটা গুরুতর পরিস্থিতি হিসেবে নিচ্ছেন। এর আগে ভারত সফরে ছিল অধিনায়ক হিসেবে তার প্রথম পর্ব। সেখানে দল একেবারেই ভালো করতে পারেনি। এবার সেখান থেকে বেরিয়ে আসতে ইতিবাচক থাকতে চান তিনি, ‘এই পরিস্থিতিতে নিজেরা যে যেভাবে পারি, মানিয়ে নিতে হবে। আগে থেকে এরকম নেতিবাচক চিন্তা না করে, আমার মনে হয় যা সম্বল আছে, তা নিয়ে এগিয়ে যাওয়া ভালো।’