ভবন সংকটে পাঠদান ব্যাহত!

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯

আমুরবুনিয়া বেলায়েতিয়া প্রাথমিক বিদ্যালয়

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট ক্যাম্পসংলগ্ন ১৬৬ নম্বর আমুরবুনিয়া বেলায়েতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা সংকটের মধ্যদিয়ে চলছে। ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষার্থী ঝরে পড়া বৃদ্ধি পাচ্ছে। নিশানবাড়িয়া ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন আমুরবুনিয়া গ্রাম। গ্রামটির মাঝদিয়ে বয়ে গেছে ভোলা নদী নামে ছোটো একটি খাল। খালের ওপারে সুন্দরবন। এপারে রয়েছে আমুরবুনিয়া গ্রাম। এ গ্রামের আমুরবুনিয়া ফরেস্ট ক্যাম্পসংলগ্ন ১৬৬ নম্বর আমুরবুনিয়া বেলায়েতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৭১ সালে এ স্কুলটি স্থাপিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই একটি ভবনে চলত শিক্ষার্থীদের পাঠদান। ২০১৯ সালে পুরোনো ভবনটি ভেঙে ফেলা হয়। নতুন ভবনের কাজ শুরু হয়। জুন মাসে ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়া হয়। তারপর থেকে কাজ বন্ধ। বিদ্যালয়ে মাঠের মধ্যে মাটির স্তূপ, মাটি খোঁড়া। ক্লাস চলছে টিনের ছাপড়ায়। এ বিদ্যালয়ে  কাগজে-কলমে শিক্ষার্থী রয়েছে ১১১ জন।

সরেজমিনে ২৯ জানুয়ারি দ্বিতীয় শিফটের ক্লাসে তৃতীয় শ্রেণিতে পাঁচ, চতুর্থ শ্রেণিতে সাত ও পঞ্চম শ্রেণিতে ছয় জন শিক্ষার্থী উপস্থিত ছিল। সেদিন উপস্থিতি থাকা সহকারী শিক্ষক সাইদুর রহমান জানান, শিক্ষকের পাঁচটি পদের একটি পদ শূন্য। নিয়মিত রয়েছে চার জন শিক্ষক। ঐদিন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অফিসিয়াল কাজের জন্য বিদ্যালয়ে ছিলেন না। সহকারী শিক্ষক শাহাজাহান হাওলাদার রয়েছেন ডেপুটেশনে, সহকারী শিক্ষক ইরানী আক্তার রয়েছেন বিষয়ভিত্তিক প্রশিক্ষণে। তিনি একাই তিনটি ক্লাস সামলাচ্ছিলেন। ইশানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু জানিয়েছেন, স্কুলের জন্য সাইক্লোন সেন্টার কাম বিদ্যালয় নির্মাণের একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেটির নির্মাণের সয়েল টেস্টের কাজ চলছে। উপজেলা শিক্ষা অফিসার মো. জালালউদ্দিন খান বলেন, প্রত্যন্ত অঞ্চলের অনেক বিদ্যালয়ই শিক্ষক অনিয়মিত। অবকাঠামো নাজুক। শিক্ষক সংকট রয়েছে অনেক বিদ্যালয়ে। এ সম্পর্কে তিনি অবহিত আছেন। তবে প্রতিটি বিদ্যালয় সরেজমিনে এখন পর্যন্ত তিনি যেতে পারেননি। শিগগিরই এসব সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।