জৈন্তাপুরে নাগা মরিচ ফলনের ব্যাপক সম্ভাবনা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯

মো. আবুল হোসেন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেট জৈন্তাপুর উপজেলার আবহাওয়া ও এখানকার মাটি অনেকটা উপযোগী হওয়ায় সম্প্রতি বছরগুলোতে উপজেলার প্রান্তিক কৃষকরা শীতকালীন বিভিন্ন শাকসবজি চাষের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মসলা জাতীয় ফসল নাগা মরিচ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। চলতি বছর ব্যাপকভাবে নাগা মরিচ উত্পাদন হওয়ার সম্ভাবনা থাকায় এখান থেকে সরাসরি লন্ডন, ইউরোপসহ অন্যান্য দেশে নাগা মরিচ রপ্তানি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বছর উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ১৫০ হেক্টর জমিতে মসলা জাতীয় নাগা মরিচ চাষ করা হয়েছে। শ্রীখেল গ্রামের কৃষক আম্বিয়া জানান, তিনি এবার ১২ বিঘা জমিতে নাগা মরিচ চাষ করছেন। প্রতি বিঘা জমিতে প্রায় ২০-২৫ হাজার নাগা মরিচ উত্পাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার (বিসিএস) সুব্রত দেবনাথ বলেন, এরই মধ্যে বিদেশি রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে কৃষকদের সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে। বাণিজ্যিকভাবে এ মরিচ সারাদেশে ছড়িয়ে দেওয়া হলে অর্থনৈতিকভাবে লাভবান হবে এখানকার প্রান্তিক চাষিরা। উপজেলা কৃষি অফিসার ফারুক হোসেন বলেন, জৈন্তাপুর উপজেলার প্রান্তিক জনপদে যেভাবে কৃষকরা নাগা মরিচ চাষে আগ্রহী হয়ে উঠেছে। কৃষি মন্ত্রণালয়ে নাগা মরিচ চাষে উপজেলায় একটি বিশেষ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেওয়া যেতে পারে। চলতি বছর জৈন্তাপুর উপজেলা থেকে সরাসরি নাগা মরিচ ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হবে।