সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক
মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত ৩৫ কিলোমিটার মহাসড়কে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। সড়কের কোনো কোনো স্থানে মাটি বেরিয়ে গেছে। ফলে শুকনার সময় ধুলাবালি আর বৃষ্টি হলে হয় কাদা। যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দেখা গেছে, সড়টির পুষ্পকাটি সরদার বাড়ি থেকে শুরু করে বহেরা, কুলিয়া, পারুলিয়া-সেকেন্দ্রা, চারাবটতলা, পারুলিয়া, সখীপুর, চাঁদপুর, গাজীরহাট, আষ্কারপুর, নলতা হয়ে কালীগঞ্জ পর্যন্ত চলাচলে সাধারণ মানুষ তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন। সংস্কার না করায় এই সড়কে প্রায় কার্পেটিং উঠে গেছে। বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই চলাচল কঠিন হয়ে পড়ে। এই সড়কে প্রায়ই চলাচলকারী নলতা গ্রামের আনোয়ারুল ইসলাম জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি এখনই সংস্কার করা না হলে কিছুদিনের মধ্যেই চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়বে। সড়কটির বিভিন্ন স্থানে গর্ত থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে একাকার হয়ে যায়। পারুলিয়া এলাকার স্কুলশিক্ষক গোলাম ফারুক জানান, সড়কটি বেহালের কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের চলাচল ব্যাহত হচ্ছে। সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সদ্য ভেঙে দেওয়া কমিটির সভাপতি সাইফুল করিম সাবু বলেন, এই মহাসড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই সড়কে চলতে গিয়ে বাস বা ট্রাক বিকল হয়ে যাচ্ছে। এতে মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মহাসড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাই।
সাতক্ষীরা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক বেহালের কথা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত সড়কটি এখনি ব্যাপকভাবে সংস্কার করা সম্ভব নয়। প্রাথমিক সংস্কারের জন্য আমরা ইতিমধ্যে একটি টেন্ডার আহ্বান করে ঠিকাদারকে কার্যাদেশ দিয়েছি। শিগিগর সংস্কার কাজ শুরু হবে। আরো একটি টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।
