করোনা ভাইরাস
পিরোজপুর অফিস
বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর ওপরে বেকুটিয়ায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজে পিরোজপুরে অবস্থানরত ৫৭ জন চীনা নাগরিকের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্ত রাখতে এবং করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা তৈরির জন্য তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দুই জন ডাক্তারের একটি মেডিক্যাল টিম পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় সেতু নির্মাণ কাজে নিয়োজিত চীনের নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করে।
উল্লেখ্য, চায়না রেলওয়ে ১৭ ব্রিজ গ্রুপ কোম্পানি লিমিটেড নামে চাইনিজ একটি প্রতিষ্ঠান অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ করছে। আর পিরোজপুরের কুমিরমারা এলাকায় থেকে এ প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কাজ করেছে ৫৭ জন চীনা নাগরিক। এ বিষয়ে মেডিক্যাল ক্যাম্পের চিকিত্সক ডা. সানজিদা আজাদ সিফা জানান, কুমিরমারায় চায়না ব্যারাকে যারা অবস্থান করছে তাদের কেউই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন কোনো তথ্য নেই বা লক্ষণ নেই। এছাড়া তাদের মধ্যে কেউ অসুস্থ নন। এমনকি করোনা ভাইরাস প্রভাব বিস্তারের সময় কেউ এই স্থান থেকে চীনে যায়নি এবং কেউ চীন থেকে আসেনি। মেডিক্যাল ক্যাম্পের চিকিত্সক ডা. তারিক আজিজুল্লাহ জানান, সিভিল সার্জনের নির্দেশে পিরোজপুরে অবস্থানরত চীনা নাগরিকদের নিয়মিত চলাফেরার জন্য মাস্ক ব্যবহারসহ করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত এমন লক্ষণ দেখা দিলে পিরোজপুর জেলা হাসপাতালে তাদের জন্য আলাদা বিভাগ খোলা হয়েছে।
বেকুটিয়া সেতু নির্মাণের প্রোজেক্ট কো-অর্ডিনেটর ওয়াং চেঙ্ক উইং জানান, এখানে যারা কাজ করছে তারা ডিসেম্বর মাস থেকে কাজ করছে। এখান থেকে কেউ চীনে যায়নি এবং কেউ নতুন করে আসেনি। তাদের এখানে কেউ অসুস্থ হয়নি এখনো। করোনা ভাইরাস রোধে তারা সকলে নিয়ম মেনে চলাফেরা করছেন।
