ঢাকা-৮ আসনে মহাজোট প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দেশের উন্নয়ন ও অগ্রগতির পক্ষেই রায় দেবে। এক্ষেত্রে তারা ভুল করবে না। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি একথা বলেন।
মেনন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও অগ্রগতির পক্ষে সবসময় ভূমিকা রেখেছে। এখানে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের কোনো স্থান নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় তার অতীত ও ঐতিহ্য অনুয়ায়ী সবসময়ই মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির চর্চা করেছে।
বাংলদেশের সর্বোচ্চ এই বিদ্যাপিঠ স্বাধীনতা যুদ্ধে গৌরবময় ভূমিকা রেখেছিল। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত্ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আব্দুল হামিদ, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিলাল রায়, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির নেতা মুর্শিদা আখতার ডেইজি প্রমুখ।
