গোপালপুরে বেত্রাঘাতে ভেঙে গেছে ছাত্রের দাঁত!

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪১

শিক্ষক আটক

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

বেত্রাঘাতে ছাত্রের দুটি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে গোপালপুর থানা পুলিশ গতকাল সোমবার দুপুরে এক শিক্ষককে আটক করেছে। ঐ শিক্ষকের নাম জহিরুল আলম জাভেদ। তিনি সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত মোহাম্মদ বিদ্যুত্ একই স্কুলের নবম শ্রেণির ছাত্র।  আহত বিদ্যুত্ জানান, গত শনিবার ক্লাসে এক ছাত্রীর শরীরে বইয়ের স্পর্শ লাগার অভিযোগে শিক্ষক জহিরুল আলম তাকে বেত্রাঘাত করেন। এক পর্যায়ে বেতের আঘাত মুখে লাগলে নিচের পাটির দুটি দাঁত ভেঙে যায়। অনেক রক্ত বের হয়।

স্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুত্ একজন দিনমজুরের ছেলে। ঐদিন আহত বিদ্যুেক স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে পরদিন রবিবার গোপালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করান হয়। গতকাল সোমবার সকালে বিদ্যুতের বাবা জামালউদ্দীন গোপালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ শিক্ষক জহিরুলকে আটক করে। পরে তাকে গোপালপুর থানায় নিয়ে আসা হয়।

গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আহত ছাত্রের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক জহিরুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, শিক্ষার্থীদের মানসিক বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার কোনো নিয়ম নেই। ঘটনার সত্যতা মিললে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।