গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ‘সমাজের অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হলে রাজনৈতিক নেতা ও কর্মীর বক্তব্য যথেষ্ট নয়। এ জন্য আমাদের ভেতরে স্পর্শ করার মতো কিছু অপারেশন চালাতে হবে। সে অপারেশন হতে পারে কাব্য, গল্প, উপন্যাস তথা সাহিত্যচর্চার মাধ্যমে।’ গতকাল সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সাংবাদিক মিজান মালিকের লেখা কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, জিটিভি ও সারাবাংলা ডট নেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, বার্তা সংস্থা ইউএনবির বাংলা বিভাগের প্রধান রাশেদ শাহরিয়ার, যমুনা টেলিভিশনের বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আবুল খায়ের, বাংলাদেশ শিশু একাডেমির সাবেক পরিচালক আনজীর লিটন প্রমুখ বক্তব্য প্রদান করেন। —প্রেস বিজ্ঞপ্তি
