মো. আবু হানিফ, শেকৃবি সংবাদদাতা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল সোমবার বিকেলে শেরেবাংলা নগরে ২৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘বাণিজ্য মেলা পূর্বাচলে স্থায়ীভাবে নেওয়ার জন্য সেখানে মেলার নিজস্ব কমপ্লেক্স করা হচ্ছে। আগামী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে পূর্বাচলের নিজস্ব কমপ্লেক্সে। নতুন জায়গা তাই শুরুর দিকে কিছুটা সমস্যা হবে। তবে লোকজনের সহজে যাতায়তের জন্য সবরকম ব্যবস্থা আমরা নেব। পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটা সেন্টার করা হয়েছে। ফলে এখানে বছরজুড়ে বিভিন্ন মেলা ও প্রদর্শনীও আয়োজন করা সম্ভব হবে। দেশে এখন বিশ্বমানের পণ্য তৈরি হচ্ছে। আরো বড় পরিসরে স্থায়ী জায়গায় মেলা আয়োজন করা গেলে রপ্তানি আদেশ আরো বাড়বে। আমরা সব রকমভাবে চেষ্টা করব আগামী বছর মেলা শিফট করার জন্য।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সেলিম আলতাফ জজ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, এফবিসিআইএর সহসভাপতি সিদ্দিকুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন প্রমুখ।
