সৌদি বাদশাহের ভাই প্রিন্স তালাল মারা গেছেন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০০:৩৭

সৌদি আরবের প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ মারা গেছেন। গতকাল শনিবার তিনি মৃত্যুবরণ করেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ভাই এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের বাবা। ৮৭ বছর বয়সী প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ গত কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। খবর গালফ নিউজের

রাজতন্ত্রের সংস্কারের দাবি করায় ১৯৬০ এর দশকে প্রিন্স তালাল দীর্ঘদিন নির্বাসিত ছিলেন। পরে তিনি সৌদি আরবে ফিরে আসেন। টুইটার বার্তায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে প্রিন্স আব্দুল আজিজ বিন তালাল। তিনি জানিয়েছেন, বাবার মৃত্যুতে তাদের পরিবার শোকাহত। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত শোক পালন করা হবে। প্রিন্স তালাল ১৯৫২ সালে যোগাযোগমন্ত্রী ছিলেন। ওই বছরই মন্ত্রণালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৬০ সালে তত্কালীন বাদশাহ সৌদ বিন আব্দুল আজিজ ছেলে প্রিন্স তালালকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন।