বেসিস সফটএক্সপো-২০২০

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়ো তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো-২০২০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ থেকে ৯ ফেব্রুয়ারি। আমাদের দেশের তৈরি অত্যাধুনিক প্রযুক্তিগুলো উপস্থাপিত হবে এতে। এই রকম তথ্যপ্রযুক্তির প্রদর্শনী আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জানা গেছে, তিন শরও বেশি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে এবং তিরিশটিরও বেশি সেমিনারের আয়োজন থাকছে। এদেশের তথ্যপ্রযুক্তি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হলে সবক্ষেত্রেই তার ইতিবাচক প্রভাব পড়বে। আমাদের বেকার সমস্যার সমাধান তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে অনেকটাই লাঘব করা সম্ভব। প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা সম্পন্ন করছেন। কিন্তু কর্মক্ষেত্রের সুযোগ খুবই নগণ্য। এই বিরাট জনগোষ্ঠীকে কিভাবে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বে কর্মসংস্থানের উপযোগী করে গড়া যায়, সে বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে এসে আমাদের কোনোভাবেই তথ্যপ্রযুক্তিকে অবহেলা করার সুযোগ নেই।

মো. আরিফুর রহমান সুমন

ডেপুটি ম্যানেজার, সাধারণ বীমা করপোরেশন,

সাভার, ঢাকা