বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত শ্রীমতি রীভা গাঙ্গুলি দাস বলেছেন, সোনার বাংলা গড়তে ভারত সব সময় বাংলাদেশের পাশে ছিল ও থাকবে। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক খুবই শক্তিশালী। আগামী ১৭ই মার্চ থেকে মুজিববর্ষ উদ্যাপিত হবে। মুজিববর্ষে আমরা অংশগ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছি। আমি বিশ্বাস করি মুজিববর্ষে ভারতীয়দের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে। সোমবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলি দাস এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এশিয়ার বিখ্যাত নেতাদের মধ্যে বঙ্গবন্ধু একজন। তার কারণেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এত শক্তিশালী। ছোটোবেলা থেকে অল ইন্ডিয়া রেডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ শুনতাম। তাই এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত। এ দিন দুপুরে ভারতীয় রাষ্ট্রদূত শ্রীমতি রীভা গাঙ্গুলী দাস গোপালগঞ্জ কেন্দ্রীয় সর্বজনীন কালীবাড়ি পরিদর্শন করেন। পরে তিনি সেখানে হিন্দু নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
