দোহারে অফিসে ঢুকে প্রকৌশলীকে পেটাল ছাত্রলীগের সভাপতি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৭

ঢাকার দোহার উপজেলার নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন শাহকে অফিস কক্ষে ঢুকে পেটানোর অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোহার থানায় মামলা করেছেন কবির উদ্দন শাহ।

মামলা সূত্রে জানা যায়, রবিবার বিকালে প্রকৌশলী কবির উদ্দিন শাহর অফিস কক্ষে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ নিয়ে আমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিনুল ক্ষিপ্ত হয়ে ঐ অফিসের দরজা বন্ধ করে নির্বাহী প্রকৌশলীকে আটকে রেখে গালমন্দ করে। আমিনুল ও তার সঙ্গে থাকা চার-পাঁচ জন মিলে কবির উদ্দিনকে পিটিয়ে আহত করে এবং অফিস কক্ষের সাড়ে ৯ হাজার টাকার মালামালের ক্ষতি সাধন করে। এ সময় প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

কবির উদ্দিন শাহ অভিযোগ করেন ‘আমিনুল ও তার সহযোগীরা আমাকে মারধর করে টেবিলের গ্লাসসহ কিছু জিনিসপত্র ভেঙে ফেলে। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও অজ্ঞাত চার-পাঁচ জনকে আসামি করে দোহার থানায় মামলা দায়ের করা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, কার্তিকপুর একটি স্কুলের ভবনের ঢালাই কাজে               প্রকৌশলী কবির উদ্দিন শাহ আমার কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। ঘুষ দিতে রাজি না হওয়ায় আমার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সে ছাত্রলীগকে নিয়ে কটাক্ষ করলে আমার সঙ্গে থাকা এক কর্মী তাকে ক্যালকুলেটর ছুঁড়ে মারে। দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।