লন্ডনে ছুরি হামলার দায়িত্ব স্বীকার আইএসের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৭

লন্ডনে রবিবারের ছুরি হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। সুদেশ আম্মান নামের হামলাকারী তাদের সদস্য বলে জানিয়েছে। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। সন্ত্রাসী কার্যক্রমের জন্য কারাদ্ল ভোগ করে এক সপ্তাহ আগে মুক্তি পায় সুদেশ আম্মান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সন্ত্রাসবিরোধী আইন আরো কঠোর করার ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের

২০ বছর বয়সী সুদেশ আম্মানের ছুরিকাঘাতে তিনজন আহত হয়। তবে তাদের কারো অবস্থাই গুরুতর নয়। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, হার্টফোর্ডশায়ারের বিশপম স্টটফোর্ডে আম্মানের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এর আগে স্ট্রিথহামে তার হোস্টেলেও তল্লাশি চালায় পুলিশ। আম্মানের মা হালিমা ফারাজ খান জানিয়েছেন, গত বৃহস্পতিবার ছেলের সঙ্গে তার সাক্ষাত্ হয়েছে। তখন সে স্বাভাবিক ছিল। হামলার কিছুক্ষণ আগে তারা ফোনে আলাপ করেছেন। মায়ের দাবি তার ভদ্র ছেলেটির মাথা কেউ ধোলাই করে এই কাজে যুক্ত করেছে। তদন্তকারী দল জানিয়েছে, তারা এখনো আর কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ এই হামলাকে ইসলামি সন্ত্রাসবাদী বলে উল্লেখ করেছে। এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি সন্ত্রাসবিরোধী আইন কঠোর করবেন। বিশেষ করে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত এবং কারাদ্ল ভোগ করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।