পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন থেকে তার কাছে এ তলবি নোটিশ পাঠানো হয়। দুদকের উপপরিচালক মো. আলী আকবর তাদের তলব করে নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তাদের আগামী ৯ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলার তদন্ত এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ও সরকারি জমি দখল করে বাঙলো বাড়ি নির্মাণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।
অভিযোগের ব্যাপারে দুদক সূত্র জানায়, আউয়ালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য, অবৈধভাবে সেতু-ফেরিঘাট ইজারা দেওয়াসহ টেন্ডার-বাণিজ্যের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া ২০০৮ সালে এমপি হওয়ার সময় দাখিল করা হলফনামা এবং ২০১৪ এর ভোটে হলফনামায়ও তার সম্পদের হঠাত্ ব্যাপক পরিবর্তন দেখা গেছে। গত বছর থেকে দুদক এসব অভিযোগগুলোর অনুসন্ধান শুরু করে।
০
