প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিও অলিম্পিক গেমস দেখতে যেতে পারেন। তিনি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব।
এ বছরের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত জাপানে টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। আয়োজক কর্তৃপক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ পাঠিয়েছে। বিওএর সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজা গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তার গণভবনে সৌজন্য সাক্ষাত্ করেন। সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘আরো ছয় মাস আগে টোকিও অলিম্পিক গেমসের আমন্ত্রণ পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। গতকাল যখন আমরা সাক্ষাত্ করতে যাই, তখন উনি (প্রধানমন্ত্রী) টোকিও অলিম্পিক গেমসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। যদি উনি সময় করে উঠতে পারেন, তাহলে যাবেন।’
সাক্ষাত্কার অনুষ্ঠানে আগামী ১ থেকে ১০ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস আয়োজনের সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী আসন্ন বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস সফলভাবে আয়োজনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং গেমসটি সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
