সংসদে প্রশ্নোত্তর

বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৮২টি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩১

বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৮২টি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, আদালতে মামলা থাকায়, নিয়োগবিধি কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ যথাসময়ে পূরণ করা যায় না। তবে শূন্য পদ পূরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন উত্থাপিত এক প্রশ্নে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

প্রতিমন্ত্রী জানান, সরকারি অফিসসমূহে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ৩৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ২৪৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে এবং ৩৯তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে ৪ হাজার ৬১১ জন কর্মকর্তাকে স্বাস্থ্য ক্যাডারেসহ সর্বমোট ৫ হাজার ৮৫৯ জন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া ৪০তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৯১৯টি বিভিন্ন ক্যাডারের শূন্য পদে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশনের মাধ্যমে ১০-১২ গ্রেডের (দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়। সরকারদলীয় আরেক সদস্য বেনজীর আহমদের প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী জানান, গত অর্থবছরে শুধু সরকারি যানবাহন চালনা বাবদ সর্বমোট খরচ হয়েছে ১১১ কোটি ২৩ লাখ টাকা।