রাজশাহী ও রংপুর বিভাগের মামলার আলামত পরীক্ষায় ঢাকা যেতে হবে না :আইজিপি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩২

উত্তরাঞ্চলের ১৬ জেলার মামলার আলামত পরীক্ষায় রাজশাহীতে দেশের তৃতীয় ফরেনসিক ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে পরিচালিত এই ল্যাবের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পটোয়ারী। এসময় আইজিপি বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের মামলার আলামত পরীক্ষার জন্য আর ঢাকায় যেতে হবে না। এই ল্যাব চালুর ফলে কেবল ডিএনএ এবং সাইবার ক্রাইমের আলামত ছাড়া সকল আলামত এখন থেকে রাজশাহীতেই পরীক্ষা করা হবে। বিশেষ করে রাসায়নিক, ব্যালিস্টিকস, হস্তলিপি, ফিঙ্গারপ্রিন্ট, অনুবিশ্লেষণ, ফুটপ্রিন্ট ও জালনোট শনাক্তসহ প্রায় সবধরনেরই পরীক্ষা ডিজিটালাইজড পদ্ধতিতে নিশ্চিত করা হবে। এই ফরেনসিক ল্যাব পুলিশের সক্ষমতা বৃদ্ধির বড়ো উদাহরণ বলেও জানান তিনি।

এ বিষয়ে সিআইডি, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহরিয়ার রহমান বলেন, এখানে রাসায়নিক পরীক্ষায় সবধরনের মাদকদ্রব্য, মৃত মানুষ ও পশু-পাখির ভিসেরা, কবর থেকে উত্তোলিত হাড়, চুল, মাটি ও সফট টিস্যু, বিষাক্ত বা চেতনানাশক পদার্থের উপস্থিতি, রক্ত মিশ্রিত আলামতে রক্তের উপস্থিতি, অ্যাসিড মিশ্রিত আলামতে রক্তের উপস্থিতি, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, জাল টাকা তৈরিতে ব্যবহূত কেমিক্যাল, জিএসআরসহ বিভিন্ন আলামতের রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দেওয়া যাবে।

তিনি বলেন, ফিঙ্গারপ্রিন্ট শাখায় ক্রাইমসিন থেকে সংগৃহীত দৃশ্যমান ও অদৃশ্যমান আঙ্গুলের ছাপের সঙ্গে সন্দেহভাজনদের আঙ্গুলের ছাপের তুলনামূলক পরীক্ষা ও বিশেষজ্ঞ মতামত এবং সংগৃহীত ফিঙ্গারপ্রিন্ট ল্যাটেস্ট প্রিন্ট এএফআইএস ডাটাবেজে সংরক্ষিত ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে তল্লাশি করে মিল বা অমিল সম্পর্কে মতামত দেওয়া যাবে। বিচারাধীন দেওয়ানি ও ফৌজদারি মামলায় বিবাদমান দলিলের লেখা বা স্বাক্ষর জাল, নম্বর ঘষামাজা করে বা রাসায়নিক পদার্থের ব্যবহার করে অবমোচন হলে তা পরীক্ষা করে মতামত দেবে ল্যাবের হস্তলিপি শাখা। জালনোট ও মেকি মুদ্রা শাখার কাজ হচ্ছে দেশি-বিদেশি সকল কারেন্সি নোট ও কয়েনের দৃশ্য-অদৃশ্যমান বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণের মাধ্যমে মতামত দেওয়া।

অনুষ্ঠানে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার হুমায়ুন কবির, রাজশাহীর এসপি মোহাম্মদ শহীদুল্লাহ ও সিআইডির এএসপি শাহরিয়ার রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।