যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে শুরু হচ্ছে প্রার্থী বাছাই

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৪

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় গতকাল সোমবার থেকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ শুরু হওয়ার কথা। আইওয়া ককাসের মাধ্যমে এটি শুরু হয়। ডেমোক্র্যাট ভোটাররা হোয়াইট হাউজে যেতে তাদের প্রার্থী বাছাইয়ে ভোট দেবেন। ভোট হবে রিপাবলিকান প্রার্থী বাছাইয়েও। যদিও রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পই মনোনয়ন পাবেন বলে ধারণা। খবর বিবিসির

ডেমোক্রেটিক দলে মনোনয়নের জন্য ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইওয়াতে জিতলেই কেউ প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পাবেন। এমন নিশ্চয়তা নেই। গত কয়েক সপ্তাহ ধরে প্রার্থীরা আইওয়াতে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি ভোট সব সময় আইওয়া থেকেই শুরু হয়। জুনের প্রথমার্ধ পর্যন্ত চলবে এই প্রাইমারি। আগামী মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রাইমারি।

এখনো পর্যন্ত পাওয়া জরিপে বিশ্লেষকদের ধারণা, আইওয়াতে বার্নি স্যান্ডার্সের জনপ্রিয়তা বহাল থাকবে এবং রাজনৈতিক দল ও গণমাধ্যম সবার চোখ তার দিকেই থাকবে। তবে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আছেন জনিপ্রয়তায় দ্বিতীয় অবস্থানে। চার বছর আগে হিলারি ক্লিনটনের কাছে হারার পর ৭৮ বছর বয়সি স্যান্ডার্সের এবারের প্রস্তুতি বেশ ভালো। নির্বাচনের জন্য বড়োসড়ো তহবিল পেয়েছেন তিনি এবং তার প্রচারণার জন্য শতাধিক কর্মীর একটি দল আছে। এলিজাবেথ ওয়ারেন, অ্যামি ক্লোবাশার এবং পিট বুডিজেজের মতো হেভিওয়েট অপর প্রার্থীরা অবশ্য আশা করে আছেন, মনোনয়নের জন্য স্যান্ডার্স প্রয়োজনীয় সমর্থন পাবেন না।

রিপাবলিকান ককাসও একই সময়ে অনুষ্ঠিত হবে এবং ট্রাম্পের বিপক্ষে মাত্র দুইজন প্রার্থী রয়েছেন। কিন্তু দলে ট্রাম্পের জনপ্রিয়তা এমনই যে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা সময়ের ব্যাপার মাত্র।

প্রাইমারি কী

মার্কিন সংবিধানে ‘প্রাইমারি’ সম্পর্কে কিছু বলা নেই। পুরো ব্যাপারটি নির্ধারিত হয় দল এবং রাজ্য আইন অনুযায়ী। যেভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, ঠিক সেভাবেই। দল নয়, বরং রাজ্য সরকার প্রাইমারি নির্বাচনের আয়োজন করে। রাজ্য আইনে নির্ধারিত হয়, এই প্রাইমারি রুদ্ধদ্বার কক্ষে হবে কি না অর্থাত্ যারা কেবল দলের তালিকাভুক্ত, তারাই ভোট দিতে পারবেন, নাকি প্রকাশ্যে হবে যেখানে যে কোনো ভোটার ভোট দিতে পারবেন। প্রাইমারি হচ্ছে প্রথাগত নির্বাচন, যেখানে দিনব্যাপী গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। প্রাইমারিতে বিজয়ী প্রার্থী নিজ দলের ঐ রাজ্যের প্রতিনিধিদের জাতীয় সম্মেলনে তার পক্ষে ভোট দিতে নিয়ে যান।