নবীনদের পথচলা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৭

বিশ্ববিদ্যালয় জীবন স্বপ্নের নাম। উচ্চমাধ্যমিক শেষ করে অনেকটা যুদ্ধময় পথ পাড়ি দিয়ে আসতে হয় বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় মানেই ক্যাম্পাস আর ক্যাম্পাস মানেই বন্ধু, আড্ডা, বড় ভাইয়া-আপুদের অকৃত্রিম ভালোবাসা আর বিস্তৃর পরিসরে নিজেকে সবার সামনে তুলে ধরা। এই অনুভূতিগুলো আসলে বিরল। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে আমার ক্ষেত্রেও অনুভূতিগুলো একই রকমের। প্রিয় ক্যাম্পাস, বন্ধু, আড্ডা এবং নিজেকে মেলে ধরার মধ্যে আমি আমার জীবনের তৃপ্তি খুঁজে পাচ্ছি।

—রাবেয়া বসরী আনিকা, মার্কেটিং বিভাগ

 

স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ভর্তিযুদ্ধ পার করে উচ্চশিক্ষার জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ভয়ভীতি, আনন্দ-আকাঙ্খা সব মিলিয়ে এক অন্য রকম অনুভূতি; যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে এসে একে একে পরিচয় পর্ব বাড়তে থাকে, যেন এক নতুন পরিবার। আর সবচেয়ে আশ্চর্যান্বিত করার বিষয় হচ্ছে, এই নব পরিবারের প্রত্যেকটা মানুষ যেন পূর্বপরিচিত আর সবার আপন করে নেওয়ার প্রবণতা মুগ্ধ হতে বাধ্য করে। হাবিপ্রবিতে পড়াশোনার সৌভাগ্য হওয়ায় নিজেকে ধন্য মনে করি।

—প্রান্ত প্রীনন দাস, কৃষি অনুষদ

 

ভার্সিটিতে প্রথম দিন ক্লাস করতে যাব, কেমন যেন একটা মিশ্র অনুভূতি টের পাচ্ছিলাম ভেতরে ভেতরে। কিছুটা সংশয় ও ভীতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা আনুষ্ঠানিকভাবে পূরণ হলো। ক্যাম্পাসে নতুন নতুন বন্ধুদের সঙ্গে শুরুটা বলতে গেলে সত্যিই অনেক চমত্কার লাগছে। আমরা একেকজন দেশের একেকটা প্রান্ত থেকে এসেছি। কিন্তু আমাদের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে ঐক্য আর ভ্রাতৃত্বের যে বন্ন গড়ে উঠেছে, তা আমাদের আগামী দিনের পথচলাকে আরো মসৃণ আর উজ্জ্বল করবে বলেই আশা প্রকাশ করছি।

—আবরার মৃত্তিকা, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগ

 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে অবশেষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার লালিত স্বপ্ন পূরণ হলো। ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে এত পরীক্ষার্থী দেখে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। যখন দেখলাম আমি আমার স্বপ্নের ক্যাম্পাসে ভর্তির সুযোগ পেয়েছি, তখন কি যে খুশি হয়েছিলাম, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন মনে হচ্ছে এটিই হলো আমার অসংখ্য স্বপ্ন-বাস্তবতায় পরিণত পাখায় ভর করার এক বিশাল রাজ্য। উন্মুক্ত জ্ঞানচর্চা আর স্বাধীন চিন্তা বিকাশের এ যেন এক বিশাল প্ল্যাটফরম।

—রেজওয়ানুল ইসলাম রিফাত, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ