স্বাধীনতার পর বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ‘মৈত্রী ও সহযোগিতা’ চুক্তি হয়। ঐ চুক্তি অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীরা অনার্স, মাস্টার্স ও পিএইচডি কোর্সে রাশিয়ায় পড়াশোনার সুযোগ পাচ্ছে। রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা ও বাণিজ্য শাখার সব বিষয়ে পড়া সম্ভব। রাশিয়ায় ব্যাচেলর ডিগ্রির মেয়াদ চার বছর, মাস্টার্স ডিগ্রির মেয়াদ দুই বছর, বিশেষায়িত ডিপ্লোমার মেয়াদ পাঁচ-ছয় বছর। তবে শুরুতে প্রত্যেক শিক্ষার্থীকে এক বছর রুশ ভাষা শিখতে হয়।
g ভর্তির তথ্য ও বৃত্তির ব্যবস্থা
২০২০-২১ শিক্ষাবর্ষে রাশিয়া সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর ও মাস্টার্স, পিএইচডিসহ ৬৫টি বৃত্তি ঘোষণা করেছে। যা শুধু মাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
ঢাকার রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের শিক্ষা বিভাগ থেকে রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এ আবেদনের নিয়মাবলি জানা যাবে। অনলাইনে (https://future-in-russia.com) এই ঠিকানায় আবেদন করা যাবে। সময়সীমা ২৯ ফেরুয়ারি পর্যন্ত। আবেদন সম্পন্ন হলে অনলাইন আবেদনের কপিসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও পাসপোর্টের ফটোকপি রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে জমা দিতে হবে। চলতি বছরের বৃত্তির বিষয়ে জানতে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে ৫ ও ১৯ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ‘রাশিয়ায় উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনারে অংশ নিতে পারেন।
g ভর্তির সময় ও শিক্ষাবর্ষ
রাশিয়ার শিক্ষাবর্ষ শুরু হয় সেপ্টেম্বরে। শিক্ষাবর্ষ ২টি সেমিস্টারে বিভক্ত। প্রথমটি সেপ্টেম্বরে এবং দ্বিতীয়টি ফেব্রুয়ারিতে। সেমিস্টার বিরতিতে রয়েছে ছুটি। জানুয়ারিতে দুই সপ্তাহ ও জুলাই-আগস্টে ছয় সপ্তাহ। এ সময় শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগও রয়েছে। চলতি বছর থেকে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সারাবছর খণ্ডকালীন কাজের সুযোগ পাবেন। দেশটিতে এ সংক্রান্ত একটি আইন এরই মধ্যে পাশ হয়েছে।
g নিজ খরচে পড়তে চাইলে
রাশিয়ায় পড়াশোনার খরচ অন্যান্য দেশের তুলনায় কম। বিজ্ঞান বিভাগের (স্নাতক) জন্য টিউশন ফি ২ হাজার ৫০০ থেকে ৮ হাজার ডলার, কলা বিভাগের (স্নাতক) জন্য ৩ হাজার ২০০ থেকে ৫ হাজার ডলার এবং বাণিজ্য বিভাগের (স্নাতক) জন্য ৩ হাজার থেকে ৬ হাজার ডলার। রাজধানী মস্কোর বাইরে টিউশন ফি আরো কম। নিজ খরচে রাশিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য গড় নম্বর থাকতে হবে ৬০ থেকে ৭০ শতাংশ। বিদেশি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হোস্টেল সুবিধা। এটির জন্য ব্যয় হবে বছরে ৪০০ থেকে ২ হাজার ৫০০ ডলার। যোগাযোগ করতে পারেন শিক্ষা বিভাগ, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র, ৪২ ভাষা সৈনিক এম এ মতিন সড়ক (সড়ক-৭) ধানমন্ডি আ/এ, ঢাকা।
