তরুণদের স্বপ্নের কথা শুনবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২২:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে নিজের ভাবনার কথা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে আগামী ১৬ নভেম্বর গণভবনে বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘লেটস টক’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী তার ভবিষ্যত্ ভাবনার কথা জানাবেন; শুনবেন তরুণদের স্বপ্ন, স্বপ্ন পূরণ এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা। অনুষ্ঠানটির আয়োজক আওয়ামী লীগের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুসারে বাংলাদেশের তরুণদের কাছে সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কেন তরুণদের কাছে তার জনপ্রিয়তা, সেটি আরো একবার প্রমাণ করতে ‘লেটস টক’ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন তিনি। সারা দেশ থেকে বাছাই করা ১৫০ জন তরুণের সঙ্গে দেশের বিভিন্ন নীতিনির্ধারনী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যোমী তরুণ প্রতিনিধিরা অংশ নেবেন এই আয়োজনে।’ এদিকে দেশের সকল টিভি চ্যানেলে সরাসরি অনুষ্ঠানটি প্রচারিত হবে। পাশাপাশি সিআরআই, ইয়াবাংলাসহ অন্যান্য অনলাইন পত্রিকার ফেসবুক পেজেও অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে।