সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় আনসার সদস্যের মৃত্যু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩০

সিরাজগঞ্জ প্রতিনিধি ও রায়গঞ্জ সংবাদদাতা     

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আব্দুল মতিন (৩৬) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন আহত হন। তাদের সিরাজগঞ্জ ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিন ঐ গ্রামের শাহজাহান আলীর ছেলে ও বগুড়া আনসার ও ভিডিপিতে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।  রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, ঘটনাস্থল থেকে আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তার বুক ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।