ভুল প্রশ্নে পরীক্ষা গ্রহণ

রামগড়ে কেন্দ্র সচিব ও হল সুপার প্রত্যাহার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

রামগড়ে সোমবার এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রের সৃজনশীল এবং বহু নির্বাচনি পরীক্ষা ভুল প্রশ্নে গ্রহণের একদিন পর মঙ্গলবার কেন্দ্র সচিব ও হল সুপারকে প্রত্যাহার করা হয়েছে। প্রশ্নপত্র বিলিবণ্টনে ভুল হওয়ায় প্রায় ১০০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ২০১৮ সালের সিলেবাসে অর্থাত্ অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নে উত্তর লিখতে হয়েছে। উপজেলার রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সচিব ও রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের বলেন, ভুলবশতই এ ঘটনা ঘটেছে। বিষয়টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করা হয়েছে। ভুল প্রশ্নে নেওয়া পরীক্ষার্থীদের উত্তরপত্রগুলো আলাদাভাবে শিক্ষা বোর্ডে পাঠানো হয়। পরীক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিক বিবেচনায় রেখে ঐ উত্তরপত্র মূল্যায়ন করার ব্যবস্থা করবে শিক্ষা বোর্ড।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, কেন্দ্র সচিব মো. আব্দুল কাদের এবং বালিকা উচ্চ বিদ্যালয় হলের দায়িত্বপ্রাপ্ত হল সুপার ফয়েজার রহমানকে মঙ্গলবার পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।