মেলায় উপচেপড়া ভিড়

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪

মো. আবু হানিফ, শেকৃবি সংবাদদাতা

দুই দিন সময় বাড়ানোর ফলে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামবে আগামীকাল। শেষ মুহূর্তের মূল্যছাড়ে কেনাকাটার জন্য মেলা পরিণত হয়েছে জনস্রোতে। এতে মেলার বাইরে দেখা দেয় তীব্র যানজটের। ভোগান্তি পোহায় চালক, যাত্রী ও মেলায় আসা দর্শনার্থীরা।

গতকাল সরেজমিনে দেখা যায়, শেষ সময়ে ক্রেতা দর্শনার্থীদের ঢল নামায় আগারগাঁও মোড় থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পার হতে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা। সকাল থেকেই যানজট বাড়তে থাকে, বিকালের দিকে তা আরো তীব্র হয়। ফলে মেলার দর্শনার্থী ছাড়াও বিজয় সরণি হয়ে যাওয়া যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। যানজটের কারণে যাত্রী ও মেলার দর্শনার্থীদের দীর্ঘ পথ হাঁটতে হয়।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করছেন। মেলার প্রবেশপথের সামনে বিভিন্ন পয়েন্টে বিকাশ একাউন্ট খুললে ফ্রিতে প্রবেশ টিকিট পাচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। মেলার বিভিন্ন স্টলে চলছে আখেরি অফার, গোল্ডেন অফার, একটি কিনলে একটি ফ্রি অফার। ক্রেতারা এসব অফারের সুযোগ নিয়ে প্রয়োজনীয় পণ্য কিনছেন। ব্লেজার ও কটির কয়েকটি স্টলের বিক্রেতারা জানিয়েছেন, ‘শুরুতে যেসব ব্লেজার ২৫০০-৩০০০ টাকায় বিক্রি করেছেন তা এখন ১০০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।’ ১৫ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে সনি র্যাংগসে চলছে ‘গোল্ডেন আওয়ার’ অফার। এখানে সকাল ১১টা থেকে ১২টা এবং রাত ৭টা থেকে ৮টা এই ২ ঘণ্টা পাওয়া যাচ্ছে ২৬ থেকে ৬০ শতাংশ মূল্যছাড়। সনি র্যাংগসের বিক্রয়কর্মী গৌরব বসু বলেন, ‘প্রতিদিন ২ ঘণ্টা গোল্ডেন আওয়ার অফার চলছে। এ সুযোগ শুধু মেলায় পাওয়া যাবে। প্রতিটি পণ্যে মূল্য ছাড়ের পাশাপাশি কিছু ফ্রি গিফট (একটি জার্সি, একটি বাটন মোবাইল, একটি হেডফোন ইত্যাদি) রয়েছে।’

মগবাজার থেকে মেলায় আসা হাসি আক্তার বলেন, ‘জ্যামের কারণে মেলায় আসতে ৩ ঘণ্টা লেগেছে। হেঁটে আসতেও এর চেয়ে কম সময় লাগত। কিয়াম থেকে একটি প্রেসার কুকার কিনে সঙ্গে একটি ফ্রাই প্যান ফ্রি পেয়েছি।’