ইত্তেফাক রিপোর্ট
ঢাকা সিটি নির্বাচনের দিন পেশাগত দায়িত্বপালনে গিয়ে নৃশংস হামলার শিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন বাদী হয়ে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনকে প্রধান আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা করেছেন। সোমবার রাতে তিনি মোহাম্মদপুর থানায় এই মামলা করেন।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ বলেন, ‘ঘটনায় যেহেতু মামলা হয়েছে, সেহেতু আসামিরা অবশ্যই গ্রেফতার হবে। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। হামলার ঘটনার মোবাইলের ভিডিও ক্লিপ ও কিছু স্টিল ফটো আমাদের হাতে এসেছে। এর ওপর ভিত্তি করে অভিযান চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারিনি।
এদিকে, সুমনকে হত্যাচেষ্টাকারী ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনকে গ্রেফতারের দাবি জানিয়ে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ)। ঐ সময়ে হামলাকারীদের আগামী শনিবারের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
সমাবেশে ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক যুগ্ম সম্পাদক অমিয় ঘটক পুলক, সাবএডিটর কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কে এম ওবায়দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
