জি কে শামীম সংশ্লিষ্টতা
ইত্তেফাক রিপোর্ট
আলোচিত ঠিকাদার জি কে শামীমের বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ডসহ অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত্ ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে বান্দরবানে নির্মাণাধীন সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের দুই অংশীদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুজন হলেন সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা কোম্পানি লিমিটেডের পরিচালক মিনারুল আলম চাকলাদার ও এস এইচ মোহাম্মদ মহসিন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে গত ২৯ জানুয়ারি বুধবার জি কে শামীমের রিসোর্ট ব্যবসার সাত অংশীদারকে তলব করে নোটিশ পাঠান দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। ঐ তলবের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হলো।দুদকের ঐ নোটিশ অনুযায়ী আজ সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা কোম্পানি লিমিটেডের পরিচালক জামিল উদ্দিন শুভ, জিয়া উদ্দিন আবির ও জাওয়াদ উদ্দিন আবরারকে এবং আগামী কাল ৬ ফেব্রুয়ারি কোম্পানির এমডি জসিম উদ্দিন মন্টু ও পরিচালক ফজলুল করিম চৌধুরী স্বপনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।
দুদক জানায়, বান্দরবান-চিম্বুক সড়কে সাইঙ্গাপাড়ায় সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা কোম্পানি লিমিটেড নামে প্রস্তাবিত রিসোর্টের চেয়ারম্যান জি কে শামীম। আর তলবকৃত সাত জন ঐ রিসোর্টের ব্যাবসায়িক অংশীদার। প্রস্তাবিত এই রিসোর্টটি প্রায় ১০০ একর পাহাড়ি জমির ওপর নির্মিত হওয়ার কথা, যার ব্যয় প্রায় ২০০ কোটি টাকা।
